বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা রাজধানীর মিরপুরে গতকাল বুধবার পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশত শ্রমিক আহত হন।পল্লবী কাফরুল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সিরাজ আমিন প্রথম আলোকে বলেন, শ্রমিকদের হামলায় মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মদসহ অন্তত আট-দশজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান থেকে গরম পানি ছিটিয়েছে পুলিশ। আউট রাইট ফ্যাশন লিমিটেডের শ্রমিক জসিমউদ্দিন জানান, শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলে মালিকপক্ষের হয়ে পুলিশ তাঁদের নির্মমভাবে পিটিয়েছে। ঘটনার পর শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে মালিক, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধি সমন্বয়ে সাত সদস্যের একটি কমিটি হয়। পুলিশ জানায়, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদানসহ উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়েছে।