মিরপুরে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানা বারটেক্স ফ্যাশন লিমিটেডের বিউটি আকতার (১৯) নামে একজন নারীশ্রমিককে তাঁর কর্মকর্তারা ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন—এমন অভিযোগ এনে তাঁর সহকর্মীরা আজ শুক্রবার রাস্তায় বিক্ষোভ করেছেন। তাঁরা কারখানায় ভাঙচুরের পর সড়কে নেমে যানবাহনও ভাঙচুর করেন।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, আজ বিকেলে মৃত বিউটির বাবা আবুল কালাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তাঁরা হলেন কারখানার ফ্লোর ইনচার্জ ঝরনা বেগম, লাইন কোয়ালিটি তত্ত্বাবধায়ক আরিফ হোসেন, উত্পাদন ব্যবস্থাপক (পিএম) মিঠু, কোয়ালিটি নিয়ন্ত্রণ ব্যবস্থাপক জাহানারা বেগম এবং লাইন তত্ত্বাবধানকারী পিন্টু।গার্মেন্টসের শ্রমিক সূত্রে জানা গেছে, আজ সকালে গার্মেন্টসের ফ্লোর ইনচার্জ ঝরনা বেগম বিউটি আকতারকে ‘বি’ লাইন থেকে সরে ‘এ’ লাইনে আসতে বলেন। কিন্তু এতে বিউটি রাজি না হলে তাঁকে ঝরনা বেগম তাঁর কক্ষের দিকে নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই আট তলার ছাদ থেকে পড়ে বিউটি মারা যান।শ্রমিকেরা অভিযোগ করেন, গার্মেন্টসের কর্মকর্তারাই তাঁকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন। এ হত্যার প্রতিবাদে শ্রমিকেরা গার্মেন্টসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালান। পরে তাঁরা মিরপুর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে কলোয়ালাপাড়ার গলির ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর তাঁরা গার্মেন্টসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে মিরপুর অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), টহল পরিদর্শকসহ অন্তত ২০ জন আহত হন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ অবস্থা চলে।এদিকে মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লা, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান গণি সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। পরে ওসমান গণি নিচে নেমে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত হতে অনুরোধ জানান। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।বিকেল পৌনে তিনটার দিকে পুলিশ ফ্লোর ইনচার্জ ঝরনা বেগমের মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে থানায় নিয়ে যায়।