মিরপুরে গৃহবধূ খুন
রাজধানীর মিরপুরে সাদিয়া আফরিন (২৩) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে বাসার দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।মিরপুর-১০-এর ডি-ব্লকের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে সাদিয়া তাঁর স্বামী মানিকের সঙ্গে ভাড়া থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারায়। বর্তমানে মানিক পলাতক। মানিক মিরপুরের নিম ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, সাদিয়াদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে পাশের ফ্ল্যাটের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গতকাল রাত দুইটার দিকে সেখানে গিয়ে বাসার দরজা ভেঙে সাদিয়ার লাশ উদ্ধার করে। এসআই আরও জানান, সাদিয়ার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। সম্ভবত দুই-তিন দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।