মিরপুরে গৃহবধূকে হত্যা
রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের একটি বস্তি থেকে সাথী আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, সাথীকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর স্বামী সাইফুল ইসলাম পালিয়ে গেছেন। সাথীর গ্রামের বাড়ি সুনামগঞ্জে।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল প্রদীপ জানান, সাথী তাঁর স্বামীর সঙ্গে ওই সেকশনের ডি-ব্লকের একটি বস্তিতে থাকতেন। গতকাল সাথীর সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। এরপর রাতে প্রতিবেশীরা সাথীকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় দেখতে পেয়ে পল্লবী থানায় খবর দেয়। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে সাথীর লাশ উদ্ধার করে।প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, সন্ধ্যার পর থেকে স্বামী সাইফুল ইসলাম উধাও হয়ে যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেছে।