মিরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজধানীর মিরপুরে আজ সকালে শাবানা খাতুন (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর ভাই নূর আলমের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শাবানার স্বামী মো. নেসারুল হক তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। নেসারুল সাংবাদিকদের বলেন, স্ত্রীসহ তিনি মিরপুর-১ নম্বরের লালকুঠি এলাকার একটি বাসায় থাকতেন। শাবানা মানসিকভাবে অসুস্থ ছিল। আজ সকালে শাবানা ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে নেসারুল তাঁকে ঘরে আটকে রেখে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। ফিরে এসে তিনি শাবানাকে শাড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় খাটের নিচে পড়ে থাকতে দেখেন। তারপর তিনি শাবানাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন। শাবানার ভাই নূর আলম অভিযোগ করেন, তাঁরা সবাই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকতেন। বিয়ের পর শাবানা ও তাঁর স্বামী মিরপুরে চলে যান। এই দম্পতির চার সন্তান রয়েছে। শাবানার কাছ থেকে সন্তানদের দূরে রাখার জন্য চার সন্তানকেই ভারতের বিহারে নেসারুলের বাবা-মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। শাবানা মানসিকভাবে অসুস্থ ছিল না, তবে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়তেন। কিছুদিন আগে চিকিত্সার নামে শাবানাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে সবাই মিলে তাঁকে নির্যাতন করেন। নূর আলম জানান, এ ব্যাপারে হত্যা মামলা করা হবে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’