মিরপুরে ট্যাক্সিক্যাবের ধাক্কায় শিশু আহত, সড়ক অবরোধ
রাজধানীর মিরপুরে আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বেগম রোকেয়া সরণি সড়ক পার হওয়ার সময় ট্যাক্সিক্যাবের ধাক্কায় জয়া নামের এক শিশু আহত হয়েছে। এরপর স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। আহত জয়া শেওড়াপাড়ার মণিপুর (৩) শাখার স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্রী। তাকে কাজীপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, সকালে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় মিরপুর ১০ নম্বর থেকে আসা একটি দ্রুতগামী ট্যাক্সিক্যাব জয়াকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। ঘটনার পরে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা বেগম রোকেয়া সরণি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এ সময় স্থানীয় লোকজন তাদের সঙ্গে যোগ দেয়। তারা প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে তীব্র যানজট হয়।ঘটনাস্থল পরিদর্শনকারী মিরপুর থানার উপপরিদর্শক আবিদুর রহমান বলেন, একপর্যায়ে পুলিশ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। পুলিশ ট্যাক্সিক্যাব ও চালক জাকির হোসেনকে আটক করেছে।