মিরপুরে ডাকাত সন্দেহে ছয় যুবক গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে শাহ আলী থানাধীন গড়ান চটবাড়ী এলাকা থেকে গতকাল বুধবার মধ্যরাতে ডাকাত সন্দেহে ছয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে রিভলবার ও পাঁচটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতেরা হলেন—শাহিনুর রহমান (২৫), আশরাফুল বিশ্বাস (২০), জুয়েল (২৫), বাপ্পী (২৪), মেহের আলী (২৮) ও মেহেদী (২৫)। শাহ আলী থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, গতকাল রাত ১২টার দিকে ছয় ডাকাত গড়ান-চটবাড়ী এলাকার হিন্দু বাড়ির সামনে একটি প্রাইভেটকার এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ চারদিকে ঘিরে ফেলে তাঁদেরকে গ্রেপ্তার করে।পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচটি বড় ছোরা ও পাকিস্তানের তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ।এএসআই আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহ আলী থানায় ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র আইনে মামলা করা হয়েছে।