মিরপুরে তল্লাশির সময় বোমা হামলা, পুলিশের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তল্লাশির সময় পুলিশের ওপর বোমা হামলাকারী এক যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছেন। রাজধানীর মিরপুরে গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে পুলিশ মিরপুর বাঙলা কলেজের উল্টো দিকের ফুটওভারব্রিজের নিচে এক যুবকের হাতব্যাগ তল্লাশি করতে যায়। এ সময় ওই যুবক ব্যাগ থেকে বোমা বের করে পুলিশকে লক্ষ্য করে ছুড়ে মেরে পালাতে থাকেন। এই সুযোগে তাঁর সঙ্গী চার যুবক দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ বোমা হামলাকারী যুবককে ধরতে গেলে তিনি আরও চার-পাঁচটি বোমা ছুড়তে ছুড়তে দৌড়ে একটি চলমান হিউম্যান হলার লেগুনায় ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ রিভলবার দিয়ে গুলি ছোড়ে। যুবক নাভিতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পুলিশ শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। র‌্যাব ও মহানগর গোয়েন্দা পুুলিশের (ডিবি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেন।ফুটওভারব্রিজের নিচের চা-দোকানি বিল্লাল হোসেন জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ১০-১৫ মিনিট আগে দুটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক এসে তাঁর চা-দোকানের সামনে নামে। তাদের দুজন চা পান করে। অপর তিনজন মোটরসাইকেলে বসে ছিল। এ সময় সাদা পোশাকের পুলিশ এক যুবকের হাতব্যাগ তল্লাশি করতে গেলে সে পুলিশের ওপর বোমা ছুড়ে মারে। একের পর এক বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। ব্যস্ত এই সড়কের পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।অভিযান পরিচালনাকারী মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান জানান, পুলিশের কাছে তথ্য ছিল, একটি বহুজাতিক কোম্পানি ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলে ওই পথ দিয়ে যাবে। আর ওই টাকা ছিনতাইয়ের জন্য পাঁচ ছিনতাইকারী মিরপুর বাঙলা কলেজের বিপরীত পাশে ওতপেতে আছে। এই খবরের ভিত্তিতে থানার পুলিশের সাদা পোশাকের একটি দল ঘটনাস্থলে যায়। তিনি এক যুবককে তল্লাশি করেন। আরেক যুবকের ব্যাগ তল্লাশি করতে গেলে তাঁর ওপর বোমা ছুড়ে মারা হয়। উপপরিদর্শক জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, লালবাগের একটি সন্ত্রাসী দল ছিনতাই করতে এসেছিল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বোমার স্প্লিন্টার এসআই শাহিনুরের চোখে লেগেছে। তিনি আগারগাঁও তালতলার লায়ন্স চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ১০টি গুলি ছুড়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে এবং ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মর্গ সূত্র জানায়, গতকাল রাত পর্যন্ত নিহত যুবককে শনাক্ত করতে কেউ মর্গে যায়নি। তার পরনে সাদা চেক শার্ট ও খয়েরি রঙের প্যান্ট রয়েছে।