মিরপুরে পাড়ায় পাড়ায় পাঠাগার চর্চা
পাঠাগার বলতেই তো তাকে তাকে থরে থরে বই থাকার কথা। কিন্তু মিরপুরের রূপনগর আবাসিক এলাকার (বাড়ি ৩/১, সড়ক ১১) ‘টকিং বুক লাইব্রেরিতে গতানুগতিক বইয়ের কোনো চিহ্ন নেই। কিন্তু বসে পড়ার জন্য চেয়ার আর ডেস্ক ঠিকই আছে। প্রতিটি ডেস্কের ওপর রাখা আছে ক্যাসেট প্লেয়ার। এর পাশেই রয়েছে ক্যাসেট। পাঠাগারের কয়েকটি তাকে মোটা ফাইলের মতো কী যেন রাখা আছে। এগুলো ব্রেইল পদ্ধতির বই বলে জানালেন পাঠাগারের একজন কর্মী। তখন আঁচ করা গেল, ‘টকিং বুক লাইব্রেরি’ গড়া হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য।‘ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (বিইআরডিও) ১৯৯১ সালে গড়ে তুলেছে পাঠাগারটি। ক্যাসেট প্লেয়ারের মাধ্যমে বইয়ের পাঠ শোনার ব্যবস্থা আছে। বিশেষ এই পাঠাগারে ছয় হাজার ক্যাসেট রয়েছে। এখানে শ দেড়েক পাঠকের আনাগোনা আছে। বিইআরডিওর ব্যবস্থাপক শফিউল আলম বলেন, নগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা এখানে আসে।বৃহত্তর মিরপুরে পাড়া-মহল্লায় ছড়িয়ে-ছিটিয়ে আছে বেশ কিছু পাঠাগার। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে গড়ে উঠেছে এগুলো। এসব পাঠাগারের মাধ্যমে মানুষের পাঠাভ্যাস বাড়াতে গঠিত হচ্ছে বৃহত্তর মিরপুর গ্রন্থাগার পরিষদ। এ পর্যন্ত ছোট-বড় মিলিয়ে বৃহত্তর মিরপুরের বিভিন্ন এলাকার ২০টি পাঠাগার পরিষদের আওতায় এসেছে। এগুলো হচ্ছে, মিরপুর-১২ পল্লবীর আত্মবিকাশ পাঠচক্র, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার, আলোঘর গ্রন্থাগার ও আখতারুজ্জামান ইলিয়াস গণপাঠাগার; রূপনগর আবাসিক এলাকার সৃষ্টি পাঠোদ্যান, টকিং বুক লাইব্রেরি; পূর্ব শেওড়াপাড়ার জামতলার সূর্যশিশির পাঠক সমাবেশ, মণিপুরের কিংশুক আতাউল স্মৃতি পাঠাগার; কনসাল্ট ক্যাম্প পল্লবীর বাংলাদেশ মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগার; উত্তর ইব্রাহিমপুরের বন্ধন পাঠাগার; মিরপুর-১ দক্ষিণ বিশিলের প্রত্যয় পাঠাগার; শাহ আলীর ছাপাখানা মোড়ের উদয়ন পাঠাগার; মিরপুর-১ শাহ আলী (রহ.) মাজার পাঠাগার; মিরপুর-১ তৃতীয় কলোনির লালকুঠির মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার; মিরপুর-১ শাহ আলীবাগের জগদীশচন্দ্র বসু স্মৃতি পাঠাগার ও আপন গ্রন্থাগার; কল্যাণপুরের জ্ঞান-বিজ্ঞান লাইব্রেরি; মিরপুর-১১ পল্লবীর শহীদ মুরাদ স্মৃতি সংসদ ও পাঠাগার; কাজীপাড়ার মিতালী পাঠাগার এবং মিরপুর-১ কলওয়ালাপাড়ার মিরপুর আদর্শ পাঠাগার। সব পাঠাগার থেকেই সদস্যরা বই বাসায় নিয়ে পড়তে পারে। আবার কোনো কোনো পাঠাগারে বসে পড়ার চেয়ার-টেবিল পাতা আছে।মিরপুর সাড়ে-১১ বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে গিয়ে পাওয়া গেল আলোঘর গ্রন্থাগার (বাড়ি ৩৫/৮)। পাঠাগারের সামনের কক্ষটিতে বসে পত্রিকা পড়ছিলেন কয়েকজন পাঠক। আরেক কক্ষে দেখা গেল, এক কিশোর কম্পিউটারে ইন্টারনেট ঘাঁটছে। মনিপুর উচ্চবিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম তানভীর হাসান। তার ভাষ্য, ‘পাঠাগারের বই পড়ে এক দিকে উপকৃত হচ্ছি, আবার বিনামূল্যে ইন্টারনেট সেবা নিয়ে দরকারি তথ্য সংগ্রহ করতে পারছি।’বেসরকারি সাহায্য সংস্থা দিশা ১৯৯৪ সালে গড়ে তুলেছে আলো ঘর গ্রন্থাগার। দিশার সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম জানান, তাঁদের গ্রন্থাগারে হাজার দুয়েক বই আছে। এখানকার বইগুলো অনুদানের মাধ্যমে পাওয়া গেছে। এলাকাবাসী পুরোনো কাপড় দিয়ে পাঠাগারকে সহায়তা করে থাকে। সেই কাপড় বিক্রির টাকায় পাঠাগারের খরচের একাংশ সংগৃহীত হয়।মিরপুর-১২ নম্বর সেকশনের পল্লবীতে আত্মবিকাশ পাঠচক্র (বাড়ি-১, লাইন-৬, ব্লক-সি) গড়ে তুলেছেন ছয় নম্বর লাইনের বাড়িওয়ালারা। এই পাঠাগার কমিটির সহসভাপতি আমিন উল্লাহ বলেন, ‘ছেলেমেয়েরা যাতে আড্ডা বাদ দিয়ে জ্ঞানচর্চায় মনোযোগী থাকে এ জন্য আমরা গ্রন্থাগারটি করেছি। প্রথমে নিজেদের ঘরে থাকা বই দিয়ে এর যাত্রা শুরু হয়। এখন আমাদের গ্রন্থাগারে দুই হাজারের মতো বই আছে।’পূর্ব শেওড়াপাড়ার জামতলার সূর্যশিশির পাঠক সমাবেশে (১০৫৫ পূর্ব শেওড়াপাড়া) বই আছে পাঁচ শতাধিক। ছোট্ট পরিসরের এই পাঠাগারে বসে পড়ার ব্যবস্থা নেই। এখানকার সদস্যরা বাসায় নিয়ে বই পড়তে পারে বলে জানান এর পরিচালক রাসেল মাহমুদ। রূপনগর আবাসিক এলাকার সৃষ্টি পাঠোদ্যানের (বাড়ি-৫০, সড়ক-১৯) সদস্যরা বাসায় বই নিয়ে পড়তে পারে। আবার এই পাঠাগারে বসেও বই পড়ার ব্যবস্থা আছে। ২০০৩ সালে গড়া হয় সৃষ্টি পাঠোদ্যান। এখানে বর্তমানে সাড়ে ছয় হাজারের মতো বই ও সাময়িকী আছে। এর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম সিদ্দিক। তিনি বলেন, ‘সবাইকে বই পড়ার সুযোগ দেওয়ার জন্যই লাইব্রেরি গড়ে তুলেছি।’নিবন্ধন জটিলতায় পাঠাগারআশরাফুল আলম সিদ্দিকের উদ্যোগে গড়ে উঠছে বৃহত্তর মিরপুর গ্রন্থাগার পরিষদ। তিনি এই পরিষদের অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে আছেন। গ্রন্থাগার নিয়ে সমিতি করার উদ্দেশ্য জানতে চাইলে তাঁর ভাষ্য, ‘আপাতত সবগুলো লাইব্রেরির সক্রিয়তা বাড়াতে কাজ করা হবে। লাইব্রেরিগুলো পরস্পরের সংগ্রহ যাতে নিজেদের মধ্যে বিনিময় করতে পারে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম শুরু করার ইচ্ছা আছে।’তিনি আরও বলেন, এলাকায় এলাকায় পাঠাগার গড়তে সরকারের সহায়তাও দরকার। আগে জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হলেই কোনো পাঠাগার সরকারি অনুদান পেত। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে দুই বছর ধরে নিবন্ধন ছাড়া কোনো পাঠাগারকে সরকারি অনুদান দেওয়া হচ্ছে না। অথচ পাঠাগার নিবন্ধন দেওয়ার জন্য সরকারি কোনো সংস্থা নেই। বাধ্য হয়ে অনেক পাঠাগার এনজিও, সমবায়, ট্রাস্ট, কোম্পানি প্রভৃতির ব্যানারে নিবন্ধন নিচ্ছে। এভাবে নিবন্ধন নিতে খরচ অনেক বেশি পড়ছে। কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় গ্রন্থকেন্দ্র কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান তৈরি করে পাঠাগার নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এ জন্য বৃহত্তর মিরপুর গ্রন্থাগার পরিষদের পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হবে বলে জানান আশরাফুল আলম সিদ্দিক।