মিরপুরে পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে আজ বুধবার সকালে পুলিশের সঙ্গে পোশাককারখানার শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অবস্থা চলে। অবস্থার পরিপ্রেক্ষিতে আগাম ছুটি ঘোষণা করে ওই অঞ্চলের সব পোশাককারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।মিরপুরে ২২০টি, পল্লবীতে ২৫০টি ও কাফরুলে ১২৭টি তৈরি পোশাক কারখানা আছে।পুলিশ জানায়, আজ সকালে মিরপুর ১৩ নম্বর সেক্টরের ওপেক্স গার্মেন্টসের শ্রমিকেরা কারখানায় গেলে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তখন তাঁরা কারখানার সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।একপর্যায়ে ওপেক্স গার্মেন্টসের শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখেন। এ সময় আশপাশের কারখানার পোশাকশ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে পোশাকশ্রমিকদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশ আরও জানায়, এ সময় শ্রমিকেরা মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেক্টরের মূল সড়কগুলো বন্ধ করে দেন। এতে সেসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি কাভার্ড ভ্যান ও পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করেন। মিরপুর ১০ নম্বর সেক্টর থেকে ১৪ নম্বর সেক্টরের প্রধান সড়কটি সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা, ট্রেড ইউনিয়ন করার ক্ষমতা, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি, চাকরির বয়স ১০ বছর হলে এক বছরের বেতন বোনাস হিসেবে প্রদান, প্রতিবছর ৩০ শতাংশ করে বেতন বৃদ্ধি প্রভৃতি দাবিতে আন্দোলন করছেন।এ ছাড়া ওপেক্সের শ্রমিকদের দাবি, আন্দোলন করার অভিযোগে তাঁদের ছাঁটাই করা যাবে না এবং কোম্পানির প্রশাসনিক দায়িত্ব থেকে কর্নেল (অব.) মুজিবকে প্রত্যাহার করতে হবে।প্রসঙ্গত, বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে গতকাল মঙ্গলবার মধ্যাহ্ন বিরতির পর ওপেক্স গার্মেন্টসের শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর হয়ে আগারগাঁও-পল্লবী-কাফরুল সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে শ্রমিকেরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে পথচারীসহ অন্তত ১০ ব্যক্তি আহত হন।