মিরপুরে পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) থেকে শারমিন আক্তার (১৮) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উদ্যানের লেকের পাড়ের একটি গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় শারমিনের লাশ উদ্ধার করে শাহ আলী থানার পুলিশ।শাহ আলী থানা সূত্র জানায়, খবর পেয়ে আজ সকালে পুলিশ উদ্ভিদ উদ্যান পরিচালকের কার্যালয়ের পেছনে গিয়ে একটি গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় শারমিনের লাশ ঝুলে থাকতে দেখে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শারমিনের ভাই মনির হোসেন জানান, তাঁরা রূপনগর টিনশেড কলোনির ৫ নম্বর সড়কের ১১৩ নম্বর বাসায় ভাড়া থাকেন। শারমিন ৭ নম্বর সেকশনের একটি পোশাক-কারখানায় কাজ করতেন। গতকাল শনিবার তিনি কারখানা থেকে ছুটি নিলেও সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। পরে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আজ সকালে লোকমুখে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে।মনির আরও জানান, চার-পাঁচ দিন ধরে তিনি প্রায়ই মুঠোফোনে বাইরের কারও সঙ্গে কথা বলতেন।শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) সোলেমান চৌধুরী জানান, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে শারমিন আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।