মিরপুরে ফলের আড়ত থেকে প্রায় তিন লাখ টাকা লুট
রাজধানীর মিরপুর এক নম্বরে গতকাল শনিবার গভীর রাতে ব্যবসায়ী আফরোজ উদ্দিনের ফলের আড়তে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে আড়তের ক্যাশবাক্স ও সিন্দুকে থাকা দুই লাখ ৮২ হাজার টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন মালিক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে সাদা রঙের একটি প্রাইভেটকার মিরপুর এক নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সসংলগ্ন ফাইভস্টার নামের ওই ফলের আড়তের সামনে আসে। আড়তে কর্তব্যরত নিরাপত্তাকর্মী মানিক এগিয়ে গেলে গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয় এবং তাঁকে সরে যেতে বলে। এদের একজনের হাতে পিস্তল ও আরেকজনের হাতে শটগান ছিল। তারা আড়তের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তারা ভেঙে সেখান থেকে টাকা নেয়। আড়তে থাকা সিন্দুকটিও ভাঙার চেষ্টা করে। সেটি ভাঙতে না পেরে গাড়িতে করে নিয়ে দারুস সালাম সড়ক দিয়ে চলে যায়।নিরাপত্তাকর্মী মানিক ও আড়তের কর্মীরা দাবি করেন, অস্ত্র হাতে যারা এসেছিল, তাদের গায়ে ট্রাফিক পুলিশের গায়ে থাকা বেল্ট ও মাথায় ক্যাপ ছিল। তারা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে গাড়ির পেছনে ছুটতে থাকলেও কেউ এগিয়ে আসেনি।মিরপুর বিভাগের পুলিশ উপকমিশনার ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আড়তের মালিক আফরোজ উদ্দিন দাবি করেন, ডাকাতেরা তাঁর দোকান থেকে দুই লাখ ৮২ হাজার টাকা লুট করেছে। এ ঘটনার সঙ্গে তাঁর ভাই নিহত আফতাফ উদ্দিন হত্যা মামলার আসামিরা জড়িত থাকতে পারে বলে তিনি দাবি করেন।