মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার
পুলিশ রাজধানীর মিরপুরে নূরজাহান বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁর নিজ ফ্ল্যাটের বাথরুম থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে জবাই করে হত্যা করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নূরজাহান বেগম মিরপুর ১ নম্বর সেকশনের সি-ব্লকের ১ নম্বর সড়কে একটি পাঁচ তলা বাড়ির মালিক। তিনি তাঁর ফ্ল্যাটে একাই থাকতেন। গতকাল পানি সরবরাহ বন্ধ থাকায় ভাড়াটিয়ারা নূরজাহান বেগমকে খোঁজ করতে থাকে। তারা নূরজাহানকে না পেয়ে চট্টগ্রামে অবস্থানরত তাঁর বড় ছেলেকে বিষয়টি জানায়। তাঁর ছেলের পরামর্শে বাইরে থেকে মিস্ত্রি এনে দরজার তালা ভেঙে ভাড়াটিয়ারা বাসায় প্রবেশ করে। এ সময় বাথ রুমে জবাই করা অবস্থায় নূরজাহান বেগমের লাশ পাওয়া যায়। বিষয়টি শাহ আলী থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পাঠিয়েছে।শাহ আলী থানার অপারেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বাসা থেকে টাকা ও অলংকার লুট করতে নূরজাহান বেগমকে খুন করা হয়ে থাকতে পারে। বৃদ্ধার হাতের স্বর্ণের বালা এবং গলায় স্বর্ণের চেইন পাওয়া যায়নি। এ ছাড়া বাসার স্টিলের ও কাঠের আলমারি খোলা ছিল। পরিচিতজনদের কেউ তাঁকে হত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহতের বড় ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।