রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন সত্তরোর্ধ্ব ধনাঢ্য বৃদ্ধা নুরজাহান বেগম। গত শুক্রবার রাতে পুলিশ ওই ফ্ল্যাট থেকে তাঁর জবাই করা লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসায় ঢুকে নুরজাহানকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করেছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নুরজাহান বেগম মিরপুর ১ নম্বর সেকশনের সি ব্লকের ১ নম্বর সড়কের ১৫ নম্বরের পাঁচতলা বাড়ির মালিক ছিলেন। তিনি ওই বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে একা থাকতেন। শুক্রবার রাতে পুলিশ ওই ফ্ল্যাটের বাথরুম থেকে তাঁর জবাই করা লাশ উদ্ধার করে।বৃদ্ধার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছেলে আলাউদ্দিন বাদল চট্টগ্রামে শিপিং কোম্পানিতে চাকরি করেন। অপর দুই ছেলে কানাডা ও যুক্তরাজ্যে থাকেন। দুই মেয়ে স্বামী-সন্তান নিয়ে অন্যত্র থাকেন।বৃদ্ধার ফুফাতো বোন রোকেয়া বেগম ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুরে তাঁর বোনের সঙ্গে নিচতলায় দেখা হয়। এরপর পানির পাম্প ছাড়ার কথা বলতে গিয়ে তাঁর ফ্ল্যাটটি তালাবদ্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে চট্টগ্রামে অবস্থানরত তাঁর ছেলে আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। আলাউদ্দিন আত্মীয়স্বজন ও স্থানীয়দের নিয়ে তালা ভেঙে বাসায় ঢুকতে বলেন। তাঁরা ওই ফ্ল্যাট থেকে কোনো শব্দ পাননি। বৃদ্ধার জামাতা কাজী শামসুল আবেদিন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন। এরপর মিস্ত্রি এনে তালা ভেঙে সবাই বাসায় ঢোকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে তাঁর শাশুড়িকে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। ভেতরে ঢুকতেই দেখেন তাঁর শাশুড়ির গলা কাটা এবং কাটা স্থাল থেকে রক্ত ঝরছে। বাসার স্টিল ও কাঠের দুটি আলমারি খোলা। এরই মধ্যে পুলিশ আসে। পুলিশ বৃদ্ধার মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি ব্লেড উদ্ধার করে। পরে বৃদ্ধার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।গতকাল সকালে গিয়ে দেখা যায়, বৃদ্ধার বড় ছেলে আলাউদ্দিন মাকে হারিয়ে বিলাপ করছেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আলাউদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে শুক্রবার গভীর রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান। খুনিরা তাঁর মায়ের হাতের দুটি বালা, স্বর্ণের চেইন ও আলমারি থেকে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে গেছে। এই টাকা বাড়ি নির্মাণে ব্যয় করার জন্য তিনি পাঠিয়েছিলেন। তিনি মনে করেন, পরিচিতজনেরাই তাঁর মাকে খুন করেছে। তাঁদের কোনো শত্রু নেই। আলাউদ্দিন বলেন, তাঁর বাবা আবদুল মোতালেব সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ওই টাকা দিয়ে বাড়িটি কেনা হয়। সম্প্রতি ওই বাড়িটি নির্মাণ করা হয়। তাঁর মা ওই বাড়ি ছেড়ে তাঁদের সঙ্গে থাকতে রাজি হননি। বাড়িতে কোনো তত্ত্বাবধায়ক ছিল না। ভাড়াটেদের সবার কাছে বাড়িতে ঢোকার মূল ফটকের চাবি থাকত। তাঁরাই তালা লাগিয়ে দিতেন। মিরপুর অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার মো. জসীমউদ্দিন মোল্লা বলেন, ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ ছিল। এ-সংক্রান্ত পাওয়া বিভিন্ন তথ্য যাচাই ও খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতেরা বাসায় ঢুকলে মালপত্র লুট করে নিয়ে গেলেও বৃদ্ধাকে খুন করার কথা নয়। তিনি বলেন, ১৫ দিন আগে বৃদ্ধার গৃহকর্মী চলে যাওয়ার পর বাড়ির নিচতলার ভাড়াটে সালমা তাঁর বাসার কাজ করে দিতেন এবং রাতে তাঁর সঙ্গে ঘুমাতেন।শাহ আলী থানার অপারেশন কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, খুনিরা বৃদ্ধার পূর্বপরিচিত। তারা তাঁর সঙ্গে বাসায় ঢোকে এবং তাঁকে খুন করে টাকা ও অলংকার নিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়েছে। নিচতলার ভাড়াটে সালমা, নির্মাণশ্রমিক দারাস মিয়াকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, বৃদ্ধার ছেলে আলাউদ্দিন বাদী হয়ে গতকাল সকালে শাহ আলী থানায় হত্যা মামলা করেছেন। এজাহারে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়েছে এবং এতে কারও নাম উল্লেখ করা হয়নি।ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে নুরজাহানের লাশ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।