মিরপুরে বাড়ি ভাঙচুর করে মালামাল লুট, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে টিনের চালার দুইটি বাড়িতে ভাঙচুর করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় মারধরের ঘটনায় বাড়ির অন্তত ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে আলমগীর হোসেন নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে শতাধিক লোক রামদা, শাবল, কুড়ালসহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে মিরপুর বড় বাগ এলাকার ওই দুইটি বাড়িতে ভাঙচুর চালায়। পরে তাঁরা ওই বাড়িতে থাকা ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করতে থাকে। এতে বাধা দিতে গেলে বাড়ির সদস্যরে মারধর করে আহত করা হয়। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। বাকিরা পলাতক রয়েছে। মারধরে আহত ও একটি বাড়ির মালিক দাবিদার ওয়াহিদ মাসুদ অভিযোগ করেন, তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার প্রকৌশলী। ২০০১ সালে তিনি তিন কাঠা জমি কিনে একটি বাড়ি করেন। পাশে অন্যজনের আরেকটি বাড়িও রয়েছে। কিন্তু সম্প্রতি আলমগীর দুইটি জমির মালিকানা দাবি করে। এরই ধারাবাহিকতায় এ হামলা, মারধর ও লুটের ঘটনা ঘটেছে। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।