মিরপুরে বিস্ফোরণে দুই শিশু নিহত
রাজধানীর মিরপুরে আজ রোববার বিস্ফোরণে কুলসুম (৭) ও রিয়া (৫) নামের দুটি শিশু মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাটটার মধ্যে শিশু দুটি মারা যায়।এর আগে গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার কামাল হোসেন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, বিকেল চারটার দিকে মিরপুর ১৩ নম্বরের একটি নির্মাণাধীন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশু দুটি আহত হয়। বোমা জাতীয় কোনো বস্তু নিয়ে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় ব্যক্তিরা জানান, নির্মাণাধীন ভবনটিতে শিশু দুটি খেলছিল। হঠাৎ বিকট আওয়াজ শুনে লোকজন সেখানে এসে তাদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশু দুটির হাত ও পায়ের মাংস উড়ে গেছে। মুখমণ্ডল ও শরীরের মধ্যভাগেও আঘাত লেগেছে। শিশু রিয়ার বাবা রিয়াজ জানান, তিনি কর্মক্ষেত্রে ছিলেন। খবর পেয়ে বাসায় আসেন তিনি।