মিরপুরে বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার রাতে মোসলেমউদ্দিন (৭০) নিহত হওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের প্রায় ২০০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রাতে মিরপুর থানায় মামলাটি করা হয়। মিরপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গতকাল রাতে মোসলেমউদ্দিনের জামাতা মিন্টু মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। এতে জামায়াত-শিবিরের ৩৫ জন নেতা-কর্মী ছাড়াও আরও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর গতকাল সন্ধ্যায় মিরপুর ১ নম্বরের কিয়াংসি চাইনিজ রেস্তোরাঁর উল্টোদিকের গলি থেকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে দারুসসালাম সড়কে যান। তাঁরা রাস্তায় নেমে কয়েকটি ককটেল-বোমার বিস্ফোরণ ঘটান। এতে বৃদ্ধ মোসলেমউদ্দিন আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত মোসলেমের জামাতা ও মামলার বাদী মন্টু মোল্লা অভিযোগ করেন, মিরপুর থানায় মামলা করতে গেলে পুলিশ আসামিদের নাম উল্লেখ করে মামলা লিখতে বলে। তিনি হামলাকারীদের চেনেন না জানালে পুলিশ তাঁকে বলেন, ‘আপনার মামলা লিখতে কিংবা নাম বলতে হবে না। বাদীর জায়গায় শুধু সই দিলেই হবে।’ এরপর পুলিশ মামলার বিবরণ লিখে বাদীর নামের জায়গায় তাঁর সই নেয়। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, গত সোমবার মানিকগঞ্জের গ্রামের বাড়ি থেকে তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুর ঢাকার পাইকাপাড়া এলাকার আহমেদনগরের বাসায় বেড়াতে এসেছিলেন। হরতালের কারণে গত বৃহস্পতিবার তিনি মানিকগঞ্জের বাড়িতে যেতে পারেননি। সন্ধ্যার পর কিয়াংসি চাইনিজ রেস্তোরাঁর উল্টোদিকের রাস্তার পাশের দোকানে চায়ের দোকানে তিনি বসেছিলেন। দুর্বৃত্তদের ককটেলের আঘাতে তিনি মারা যান। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম থানার আরেক কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, মামলা তিনি রেকর্ড করেছেন। এ বিষয়ে তিনি জানেন না। তবে হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মন্টু মোল্লা বলেন, ‘আমরা রাজনীতি করিও না, বুঝিও না। দেশের বর্তমান যে অবস্থা, আমাদের মতো সাধারণ মানুষের জন্য তা বড় ধরনের হুমকি। এই যে আমার শ্বশুরের প্রাণ গেল, এর দায় কে নেবে?’ তিনি বলেন, শ্বশুরের গ্রামে তেমন জমি-জমা নেই। ঘটনার পর তার স্ত্রী কাঁদছেন। বৃদ্ধা শাশুড়িও অসুস্থ হয়ে গেছেন। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মোসলেমের লাশ তাঁর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরের ছয়ানিগলায় নেওয়া হয়।