মিরপুরে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি
রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সে গতকাল শুক্রবার দুপুরে হাতবোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি হয়েছে। বোমায় আহত হয়েছেন দোকানের এক কর্মচারী। দোকানের মালিকের দাবি, ডাকাতেরা আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।তবে মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি আসলেই ডাকাতি কি না, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাবে না।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে পাঁচ যুবক শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইউরেকা জুয়েলার্সে ঢোকেন। তাঁরা স্বর্ণের আংটি কিনতে এসেছেন বলে জানান। একপর্যায়ে একজন বোমা বের করে ব্যবস্থাপক কামাল হোসেনের কপালে ঠেকান। অন্যরা পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের ফাঁকে তাঁরা দোকানের স্বর্ণালংকার নিয়ে একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাবে উঠে চলে যান। এতে পাশের দোকানের কর্মচারী সুনীল আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যবস্থাপক কামাল হোসেন প্রথম আলোকে বলেন, জুমার নামাজের পর খাওয়াদাওয়া শেষ করে দোকান খোলা হয়। এ সময় তিন যুবক আংটি কেনার কথা বলে দোকানের ভেতরে ঢোকেন। তাঁদের পেছনে আরও দুই যুবক ঢোকেন। তাঁদের একজন তাঁর কপালে আঘাত করলে তিনি আত্মরক্ষার জন্য নিচে বসে পড়েন। এ সময় দোকানে আসা দুজন নারী ক্রেতা বের হয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে যুবকেরা কয়েক জোড়া কানের দুল নিয়ে দ্রুত বের হয়ে যান। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। পুরো ঘটনাটি মাত্র সাত মিনিটে ঘটেছে বলে তিনি জানান।গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো কমপ্লেক্সে প্রায় ছয় শতাধিক দোকান রয়েছে। দোতলায় রয়েছে ২৩টি জুয়েলারি দোকান। কমপ্লেক্সের পাঁচটি সিঁড়ির মধ্যে মাঝখানের সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠতেই ইউরেকা জুয়েলার্স। উপস্থিত লোকজনের ধারণা, ওই সিঁড়ি দিয়ে সহজেই দোকানে ঢুকেছিল ডাকাতেরা।দোকান মালিক সমিতির সভাপতি মফিজুল হক প্রথম আলোকে বলেন, দুপুরে বোমার শব্দ পেয়ে তিনি দোকানপাট বন্ধ করার নির্দেশ দেন। এমনিতেই গতকাল ক্রেতা তেমন ছিল না, তার ওপর জুমার নামাজের পর খাওয়া-দাওয়া নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। এই সুযোগে ডাকাতেরা ভেতরে ঢোকে।