মিরপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল বুধবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইফতেখার আহমেদ ওরফে বাপ্পী নামের এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মা শাহিদা আকতারের অভিযোগ, ইফতেখারকে তাঁর স্ত্রী মারিয়া ছন্দা হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মারিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ইফতেখার তাঁর স্ত্রী ও সাত মাসের সন্তান মেনহাকে নিয়ে মিরপুর ১০ নম্বর সেকশনের বি-ব্লকে দুই নম্বর লেনের একটি ভাড়া বাসায় থাকতেন। খবর পেয়ে গতকাল রাত ১২টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ইফতেখারের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি যমুনা ব্যাংকের ফার্স্ব এক্সিকিউটিভ কর্মকর্তা ছিলেন।ওসি জানান, বাসার যে কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় সেটি খোলা ছিল।মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুক জানান, তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ইফতেখারের মা শাহিদা আকতারের অভিযোগ, তাঁর ছেলেকে স্ত্রী মারিয়া হত্যা করার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা চালাচ্ছে।তদন্ত কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে ইফতেখার ও স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। ঘটনাটি পুলিশের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ ব্যাপারে নিহতের মা শাহিদা আকতার বাদী হয়ে মারিয়াকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ মারিয়াকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর মারিয়া দাবি করেন, তিনি তাঁর স্বামীকে হত্যা করেননি। পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।ইফতেখারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ইফতেখারের মা অন্য একটি ভাড়া বাসায় থাকেন। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহে।