মিরপুরে মেস থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
রাজধানীর মিরপুরে শাহ আলী মাজার এলাকায় আজ শুক্রবার একটি মেস থেকে একটি সাব মেশিনগান, গুলিভর্তি পিস্তল, হ্যান্ডগ্রেনেডসহ কয়েক কেজি গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী মাজারের উত্তর পাশে উত্তর বিশিল এলাকার একটি মেস থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ওসি আবদুল লতিফ আরও জানান, খবর পাওয়ার পর দুপুর পৌনে ১২টার দিকে উত্তর বিশিলের ১০ নম্বর সড়কের ৭০/ক নম্বরের ওই মেসটিতে তাঁরা যান। কিন্তু তখন ঘরের দরজায় তালা দেওয়া ছিল। পুলিশ তালা ভেঙে ঘরে তল্লাশি চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি সাব মেশিনগান, একটি গুলিভর্তি পিস্তল, একটি হ্যান্ডগ্রেনেড, বেশ কিছু গ্রেনেড তৈরির সরঞ্জাম ও কয়েক কেজি গান পাউডার। এ ছাড়া ঘরটি থেকে বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।আবদুল লতিফ জানান, ওই ঘরটি এক মাস আগে থেকে একজন ভাড়া নিয়েছিল। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।