মিরপুরে যুবক গুলিবিদ্ধ
রাজধানীর মিরপুরের বড়বাগে সন্ত্রাসীরা সুমন পাণ্ডে (২৫) নামের এক যুবককে গুলি করে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন মিরপুরের একটি ডিশ সংযোগ প্রতিষ্ঠানের কর্মচারী। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।হাসপাতালে চিকিৎসাধীন সুমন পাণ্ডে জানান, আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি ডিশ সংযোগের প্রতিষ্ঠান থেকে বের হচ্ছিলেন। এ সময় মুখোশ পরা এক সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে সুমনের দুই পায়ে গুলিবিদ্ধ হয়। সুমন পাণ্ডে আরও জানান, ১৯ জুন স্থানীয় একদল সন্ত্রাসী তাঁর প্রতিষ্ঠানের মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু মালিক টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এই চাঁদার টাকা না পেয়েই তারা গুলি চালিয়েছে বলে তিনি জানিয়েছেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হামলাকারীকে গ্রেপ্তারের অভিযান চলছে।