মিরপুরে যুবকের পায়ে গুলি, নয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ফেরদৌস ইসলাম (২৪) নামের এক যুবকের পায়ে গুলি করে নগদ নয় লাখ টাকা ও পৌনে সাত লাখ টাকার চেক ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। মিরপুর-২ নম্বর জনতা হাউজিংয়ের সামনে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-২ নম্বর ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে আট লাখ ৯৫ হাজার টাকা তুলে রিকশায় করে দারুস সালাম থানার গোলারটেক এলাকার বাসায় ফিরছিলেন ফেরদৌস। মিরপুর-২ নম্বরের জনতা হাউজিংয়ের সামনে পৌঁছার পর দুটি মোটরসাইকেলে করে চারজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। তাঁরা ফেরদৌসের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে গেলে ফেরদৌস তাদের বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর বাঁ-পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফেরদৌসের ভাষ্য, বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফট ফ্যাশন লিমিটেড নামে সাভারে তাঁর একটি হস্তশিল্প প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের জন্য ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি ওয়াজেদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, ব্যাংকের গ্রাহকদের টাকা লেনদেনের সময় পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলেও কেউই তা মানছে না। সে কারণেই এ ঘটনাগুলো ঘটছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও চেক উদ্ধারের চেষ্টা চলছে।