মিরপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের টিনশেড কলোনির পাশে র‌্যাবের গুলিতে গতকাল রোববার রাতে মোমিন ওরফে ল্যাংড়া মোমিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশের দাবি, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে টিনশেড কলোনির পাশে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ এ ঘটনা ঘটে। মোমিন কাফরুল থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।ঘটনা সম্পর্কে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলো অনলাইনকে বলেন, সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে গতকাল রাত দেড়টার দিকে র‌্যাব-৪-এর একটি দল টিনশেড কলোনির পাশে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওই ব্যক্তি মোমিন বলে পুলিশ শনাক্ত করে। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর রাত চারটার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ওসি জানান, ঘটনাস্থল থেকে র‌্যাব একটি পিস্তল, দুটি গুলি ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করে। মোমিনের বিরুদ্ধে কাফরুল থানায় আটটি মামলা আছে।