মিরপুরে লাশ উদ্ধার, শ্যামলীতে ছিনতাইকারীর গুলিতে আহত ১
পুলিশ মিরপুর ১০ নম্বর সেকশনের জি-ব্লকে রাস্তার পাশ থেকে আজ সোমবার সকাল সাড়ে সাতটায় একটি লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (২০)। এর কয়েক ঘণ্টা পরে শ্যামলীতে ছিনতাইকারীর গুলিতে সেলিম সরকার (২৫) নামের এক ব্যক্তি আহত হন।পুলিশ জানায়, নিহতের বাড়ি কাফরুল থানার মুক্তিযোদ্ধা ইমামনগরে। লাশটির পেটে বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ধারণা করছে, কোনো ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে শ্যামলীতে আজ বেলা সাড়ে ১১টায় ছিনতাইকারীরা সেলিম সরকার নামের এক হিসাবরক্ষকের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাঁর পায়ে গুলি করে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সৌরভ কেমিক্যাল ওয়ার্কশপের হিসাবরক্ষক সেলিম ইসলামী ব্যাংক থেকে ওই টাকা তোলেন। পরে তিনি অফিসে ফেরার পথে শ্যামলীর এক নম্বর রোডে ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেলিম বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর ওপর হামলা চালিয়ে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।