মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া রাজু (২৫) এ মামলার প্রধান আসামি।আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে মাদারীপুরের শিবচর এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে।মোল্লা নজরুল ইসলাম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করলেও ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন রাজু। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করা গেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। ওই শিশুর মা খুনিদের ফাঁসি দাবি করেছেন।গত ৫ জানুয়ারি মিরপুরের শাহ আলী থানা এলাকার ঝিলপাড় বস্তির একটি বাসায় মেঝেতে পড়ে থাকা অবস্থায় চাঁদনি (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়।চাঁদনির মা নার্গিস আক্তারের অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে লাশের ধরন ও স্থানীয় কয়েকজনের আচরণে বুঝতে পেরেছেন, চাঁদনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।