মিরপুরে শ্রমিকের মৃত্যু, তিনটি পা উদ্ধার
রাজধানীর মিরপুরে মাজার রোড এলাকায় আজ মঙ্গলবার নির্মাণাধীন দোকানের সানশেড ভেঙে পড়ে মুহাম্মদ সেলিম (৫০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।এদিকে, আজ সকালে কল্যাণপুর খাল এলাকা থেকে মানুষের ব্যান্ডেজ করা তিনটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলো অনলাইনকে বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে মাজার রোডের দ্বিতীয় কলোনি এলাকায় নির্মাণাধীন দোকানে কাজ করছিলেন সেলিম। একপর্যায়ে ওই দোকানে সানশেড তাঁর ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেলিমের গ্রামের বাড়ি বরিশালে বলে জানা গেছে।ওসি আবদুল মালেক আরও জানান, উদ্ধার করা পা তিনটির মধ্যে দুটি বড় একটি ছোট। ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতালে এসব কাটার পর ওই স্থানে ফেলে দেওয়া হয়েছে।