মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার
রাজধানীর পশ্চিম মনিপুরে আজ বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীর গুলিতে একজন কলেজছাত্র আহত হয়েছেন। এর পরে পুলিশ একটি নাইন এমএম বিদেশি পিস্তলসহ সোহেল (২০) নামের এক সন্ত্রাসীকে ধরে ফেলে। গুলিতে আহত ওয়ালিদ ইবনে সিদ্দিক শাওনকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়ালিদ তেজগাঁও কলেজের স্নাতক (সম্মান) মার্কেটিং দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর থুতনির নিচে গলার একপাশ চিঁড়ে গুলি বের হয়ে গেছে। চিকিত্সকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। ওয়ালিদের বাবার নাম সিদ্দিকুর রহমান। তাঁদের বাসা পশ্চিম মনিপুরে।ওয়ালিদের বন্ধু ও স্বজনেরা জানান, দুপুর ১২টার দিকে ওয়ালিদসহ তাঁর বন্ধুরা পশ্চিম মনিপুর মোল্লাপাড়ায় (মাইকওয়ালা মসজিদের গলিতে) ক্রিকেট খেলছিলেন। এমন সময় পুলিশ-জনতার তাড়া খেয়ে দুই সন্ত্রাসী দৌড়ে সেদিক দিয়ে পালিয়ে যাচ্ছিল। ওয়ালিদ গিয়ে একজনকে ধরে ফেললে অপরজন তাঁকে গুলি করে।মিরপুর থানার পুলিশ জানায়, সোহেল নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে জনতা তাড়া করে, পরে পুলিশকেও খবর দেয়। টহল পুলিশ গিয়ে জনতার সঙ্গে তাড়া করে সোহেল নামের এক সন্ত্রাসীকে একটি নাইন এমএম পিস্তলসহ ধরে ফেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোহেলের বাড়ি ঝালকাঠির কৃষ্ণকাঠিতে।