মিরপুরে সোনার দোকানে চুরি
রাজধানীর মিরপুর ১ নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলায় দেওয়ান জুয়েলার্স নামের একটি সোনার দোকানে চুরি হয়েছে।গতকাল শনিবার রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যান। সকাল ১০টায় এসে দোকান খুলে তাঁরা দেখেন, দোকানে অলংকারের শো কেস খালি পড়ে আছে। মেঝেতে অলংকারের বাক্সগুলো রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, দেওয়ান জুয়েলার্সের পেছনের দোকানের শাটার ভেঙে চোরেরা ঢোকে। পরে তারা ওই দোকান ও দেওয়ান জুয়েলার্সের মাঝখানের দেওয়াল ভেঙে সোনার অলংকার চুরি করে। চোরেরা যে পথ দিয়ে দিয়ে ঢুকেছে, ওই পথ দিয়েই পালিয়ে গেছে। তাত্ক্ষণিকভাবে চুরি হওয়া সোনার পরিমাণ দোকানের মালিক তাজুল ইসলাম জানাতে পারেননি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।প্রসঙ্গত, গত বছর মুক্তিযোদ্ধা মার্কেটের বিপরীতে শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় তাজুল ইসলামের মালিকানাধীন দেওয়ান জুয়েলার্স নামের অন্য একটি স্বর্ণের দোকানে চুরি হয়।