মিরপুরে ৩ জনকে গুলিতে আহত করার ঘটনায় গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ২ নম্বরে স্কুলছাত্রসহ তিনজনকে গুলি করে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর থানার পুলিশ গতকাল রোববার গভীর রাতে মিরপুর ১ ও ২ নম্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ ওই ঘটনায় ব্যবহূত একটি পিস্তল উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মাকসুদুর রহমান (২৬), মো. সাগর (২৫),আবদুর রহিম (২৫), আল আমীন (২৫), মিজান মিঞা (২৪), আল আমীন (২৩), রানা মিঞা (২০), আশিকুর রহমান (২৬) ও আবু জাফর (২০)।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, গত শনিবার পূর্বশত্রুতার জের ধরে মিরপুর বিসিএসই কলেজের সামনে স্কুলছাত্রসহ ওই তিনজন তাঁদের মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা গতকাল রোববার বিকেলে রাইনখোলা পানির ট্যাংকের কাছে প্রতিপক্ষকে গুলি করে ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করেন। এতে আল নাহিয়ান স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সুজন (১২), সোহেল (১৮) ও আশিকুর রহমান (২০) আহত হন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হচ্ছে। তাঁদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।