মিরসরাই ট্র্যাজেডি : জুয়েল বড়ুয়াও চলে গেল
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র জুয়েল বড়ুয়া আজ সোমবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মিরসরাইয়ের আবুতোরাব সড়কে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪৩-এ দাঁড়াল।কয়েক দিন আগে আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ছাত্র জুয়েল বড়ুয়া, নয়ন শীল ও রায়হান উদ্দীন শুভকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর সেখানে শুভ মারা যায়। উন্নত চিকিত্সার জন্য তাদের ভারতে নেওয়ার কথা ছিল। সে জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু বিমানে চড়ার মতো তাদের শারীরিক অবস্থা না থাকায় ভারতে নেওয়া সম্ভব হয়নি।মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন জানান, জুয়েল বড়ুয়াকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। সম্ভবত চিকিত্সকদের সিদ্ধান্তেই লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।নয়ন শীলের সঙ্গে থাকা তার আত্মীয় বাসুদেব শীল জানান, জুয়েল আজ পৌনে ১০টার দিকে মারা যায়। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ মিরসরাইয়ে নিয়ে যাওয়া হবে। জুয়েলের সাঙ্গে তার মা-বাবা রয়েছেন। বাসুদেব আরও জানান, নয়নের অবস্থাও ভালো নয়। তার মুখে গতকাল খাবার দেওয়া হলে সে কয়েকবার বমি করে।প্রসঙ্গত, গত ১১ জুলাই মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে একটি মিনি ট্রাকে করে বাড়ি ফেরার সময় আবুতোরাব সড়কে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩৯ জন নিহত হয়।