মিরসরাই দুর্ঘটনা: ট্রাকচালক মফিজ গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৮ শিক্ষার্থীর নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক জসিম উদ্দিন ওরফে মফিজকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বরিশালের কাউনিয়া থানার বাটনাগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, মফিজকে মিরসরাই আনা হচ্ছে। ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মফিজের এক ভাগনি তাঁর স্বামীর সঙ্গে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বাস করেন। পুলিশ জানতে পেরে গতকাল বুধবার রাতে তাঁদের বাসায় হানা দেয়। রাতভর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল পাঁচটার দিকে ওই ভাগনির স্বামী জানান, বরিশালে তাঁদের গ্রামের বাড়িতে মফিজ লুকিয়ে রয়েছেন। এরপর মিরসরাই থানা-পুলিশের অনুরোধে কাউনিয়া থানা-পুলিশ মফিজকে গ্রেপ্তার করে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মফিজ বরিশালে আত্মগোপন করে আছেন, মিরসরাই থেকে এমন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে মফিজের ভাগনি জামাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ঘটনার বর্ণনা দিতে গিয়ে ট্রাকচালক মফিজ প্রথম আলোকে বলেন, ‘নিজেকে অপরাধী মনে হচ্ছে, আমি পাপি, আমার যা শাস্তি হয় তা-ই মাথা পেতে নেব। তবে, আমি যখন ট্রাক চালাচ্ছিলাম তখন একটি সেতু পার হতে গিয়ে ব্রেকফেল করে। বিষয়টি আমি খেলোয়াড়দের বলেছিলাম। ওরা আমার কথা শুনতে পায়নি। পরবর্তীকালে বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে থাকে, তাকে আমি ইশারাও করি। কিন্তু ওই গাড়ির চালক আমার ইশারা বুঝতে পারেনি। আমি তাকে পাশ দিতে গিয়ে চাকা রাস্তা থেকে নিচে পড়ে ট্রাক ঘুরে যায়। তখন আর আমি নিয়ন্ত্রণ রাখতে পারিনি। ওই দুর্ঘটনায় আমার আপন ভাইয়ের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র নয়নও মারা যায়। পড়ে যাওয়া ট্রাকটির নিচ থেকে কয়েকজনকে তুলেও আনি। একপর্যায়ে লোকের ভিড় বাড়লে অনেকেই আমাকে সরে পড়তে বলেন তাই আমি ওখান থেকে সটকে পড়ি।’১১ জুলাই ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ৩৮ জন ছাত্রসহ ৪০ জন মারা যায়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সৈদালি গ্রামে এ ঘটনা ঘটে। তবে চালক নয়, সহকারী (হেলপার) মফিজ ট্রাকটি চালাচ্ছিলেন। ট্রাকটি পানিতে পড়ার আগেই তিনি লাফিয়ে নেমে পালিয়ে যান। মায়ানি ইউনিয়নের চেয়ারম্যান কবির নিজামী বাদী হয়ে চালক মফিজকে আসামি করে মামলা করেন।