মিরসরাই দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু
মিরসরাইয়ে গত সোমবারের সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে মো. রায়হান উদ্দিন (১৩) নামের এক কিশোর আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মারা গেছে। নগরের সেন্টার পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রায়হান উদ্দিন আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। পঞ্চম শ্রেণী পাস করার পর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সে মধ্যম মায়ানী গ্রামের নুরুল আফসারের ছেলে। রায়হান উদ্দিন তিন ভাই এক বোনের মধ্যে বড়।হাসপাতালের ব্যবস্থাপক মো. ঈমন রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে আরও অনেকের মতো রায়হানকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বেসরকারি ক্লিনিক সেন্টার পয়েন্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪০ জনে দাঁড়াল। দুর্ঘটনায় আহত রয়েছে ২৭ ছাত্র।