মিরসরাই-সীতাকুণ্ডে দীর্ঘ যানজট, চট্টগ্রামে গাড়ি পৌঁছায় ৬ ঘণ্টা পর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে গত বৃহস্পতিবার রাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এই যানজট অব্যাহত ছিল। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছে যাত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গতকাল চট্টগ্রামে পৌঁছেছে প্রায় ছয় ঘণ্টা দেরিতে। সড়কে খানাখন্দ, সড়কের ওপর বাজার, দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়াসহ নানা কারণে প্রায় প্রতিদিনই মিরসরই-সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট লেগে থাকে।বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুর রহমান বলেন, যানজটে সবচেয়ে বড় সমস্যা রাস্তার গর্ত। বৃহস্পতিবার রাতে একটি লরি বিকল হয়ে পড়ায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ওই লরি সরাতে সকাল হয়ে যায়। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। প্রয়োজনীয় লোকবল ও রেকারের অভাবে যানজট সরাতে প্রচুর সময় লেগে যাচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড অংশের অবস্থা খুব নাজুক। এ অংশে প্রায় ৫০০ ছোটবড় গর্ত রয়েছে। এ গর্তের কারণে যানবাহনের গতি কমে আসে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে দেবে গেছে। এসব গর্তে পড়ে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন বিকল হচ্ছে। এক বছরে অন্তত তিন দফায় মহাসড়কের এই অংশ বিচ্ছিন্নভাবে মেরামত করা হয়। কিন্তু অতিরিক্ত পণ্য বোঝাই এবং অতিরিক্ত যানবাহন চলচলের কারণে রাস্তার বিভিন্ন অংশ দেবে নতুন নতুন গর্ত সৃষ্টি হচ্ছে বলে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) প্রকৌশলীরা জানান।মিরসরাই সদর ছাড়াও বড় দারোগাহাট, নিজামপুর, হাদি ফকিরহাট, নয়দুয়ারিয়া, মিঠাছড়া, চিনকি আস্তানা ও বারইয়াহাট পৌর সদরে সড়কের ওপরের অংশ (কার্পেটিং) উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।যানজটে আটকা পড়া বারইয়ারহাট-চট্টগ্রাম পথের বাসচালক জাহাঙ্গীর আলম গতকাল জানান, মিরসরাই উপজেলার বারইয়ার হাট থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত মহাসড়কের অবস্থা খুবই নাজুক। এতে গাড়ি চালাতে অনেক সতর্ক থাকতে হয়। গর্তের কারণে এখানে প্রতিনিয়ত যানজট লাগছে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সিল্কলাইন পরিবহনের পরিচালক আবু সাঈদ বলেন, ‘মহাসড়কের অবস্থা খুবই খারাপ। প্রতিদিনই চার থেকে আট ঘণ্টা যানজটে পড়তে হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার কারণে যানজট তো রয়েছেই।’ তিনি আরও বলেন, দ্রুত সড়ক সম্প্রসারণ (চার লেন) উন্নয়নকাজে হাত না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ঢাকা-চট্টগ্রাম প্রস্তাবিত চার লেন সড়কের দায়িত্বপ্রাপ্ত উপ-প্রকল্প ব্যবস্থাপক মোকাদ্দেস হোসেন জানান, ‘সংশ্লিষ্ট ঠিকাদারকে রাস্তাটি চলাচলের উপযোগী করতে বলা হয়েছে। কিন্তু ঠিকাদার বৃষ্টির জন্য কাজ করতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন।’