মিরসরাই-সীতাকুণ্ডে ৪০ কিমি দীর্ঘ যানজট
মিরসরাই এলাকায় একটি দুর্ঘটনার কারণে আজ শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট পরিস্থিতির সৃষ্টি হয়। এই জটে আটকে থাকা যানবাহনের যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা অংশে শত শত যানবাহনের দীর্ঘ লাইন ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরসরাই উপজেলার মিঠানালা ও ঠাকুরদীঘির মাঝামাঝি পান্থপুকুরপাড় অংশে ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরির সঙ্গে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এই সময় বাসটিকে পেছন থেকে এসে ধাক্কা দেয় অপর একটি অ্যাম্বুলেন্স। এ ঘটনায় ২০ জন আহত। আহতদের বেশিরভাগই বাসের যাত্রী। তাঁদের উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়।এদিকে ওই দুর্ঘটনার কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের রেকার ভ্যান পাঠিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন তিনটি সরিয়ে নেওয়া হয়। এতে সময় লাগে প্রায় দুই-আড়াই ঘণ্টা। এ কারণে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।মহাসড়কে যানজটের বিষয়টি স্বীকার করে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার কোনো কোনো এলাকায় মহাসড়ক এত বেশি খারাপ যে গর্তে আটকা পড়া একটি গাড়ি সরাতেই রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনা এবং সেই থেকে যানজট হচ্ছে যখন-তখন।সর্বশেষ খবরে জানা যায়, সীতাকুণ্ড ও মিরসরাই থানা এবং হাইওয়ে পুলিশ যানজট সমস্যা সমাধানের চেষ্টা করছে। কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন এবং ভাঙা রাস্তার কারণে গাড়ি স্বাভাবিক গতি নিয়ে চলতে পারছে না। ফলে মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারি পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকে।