মিরসরাইয়ে এএসআই খুন, আটক ২
মিরসরাইয়ে এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির ছুরিকাঘাতে খুন হয়েছেন মিরসরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন (২৭)।গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।আটক হওয়া দুজন হলেন ওসমান গণি ও সিরাজুল ইসলাম প্রকাশ।নিহত বোরহান উদ্দিন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকব্যবসায়ী ও তিনটি মাদক মামলার আসামি মোহাম্মদ ওমর ফারুক প্রকাশ ওরফে পারভেজকে ধরতে পূর্ব হিঙ্গুলী এলাকায় অভিযান চালান সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান ও এসআই নাছির উদ্দিন।পরিকল্পনা অনুযায়ী প্রথমে বোরহান পারভেজকে ধরতে যান এবং পরিস্থিতি বুঝে নাছিরকে ফোন দেওয়ার কথা ছিল। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ফোন না পেয়ে নাসির সেখানে গিয়ে বোরহানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় আহত বোরহান মৃদুস্বরে নাছিরকে বলেন, ‘আমাকে ছুরি মেরে দিয়েছে।’ তাত্ক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় বোরহানকে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ও পরে মাস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। বোরহানের বুকের বাঁ পাশে ও বাঁ হাতে ধারালো ছুরির আঘাতের দুটি চিহ্ন রয়েছে।গতকাল শনিবার রাতে মিরসরাই থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করেছে। পুলিশ ওসমান গনির কাছ থেকে রক্তমাখা একটি ছোরা ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করেছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সার্কেল, সীতাকুণ্ড) রুহুল আমিন সিদ্দিকী।পুলিশের একটি সূত্র জানায়, থানা থেকে কোনো পুলিশ কর্মকর্তা আসামি ধরতে বা যেকোনো কাজে যাওয়ার আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা ডিউটি অফিসারকে (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) অবহিত করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। আসামি ধরার সময় দুই পুলিশ কর্মকর্তার কাছে কোনো অস্ত্রও ছিল না। পারভেজকে ধরার জন্য কোনো ওয়ারেন্টও ছিল না। জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এ ক্ষেত্রে বেশি দায়িত্ব ছিল এসআই নাছির উদ্দিনের। উপউরিক্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে রুহুল আমিন সিদ্দিকী নিশ্চিত করেছেন।মিরসরাই থানার ওসি হুমায়ুন কবির জানান, বোরহানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।