মিরসরাইয়ে খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ১৩ সদস্য অজ্ঞান
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মসজিদে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাবলিগ জামাতের ১৩ সদস্য অজ্ঞান হয়ে পড়েছেন। মিরসরাইয়ের বারইয়াহাটের চান শাহ (রহ.) জামে মসজিদে আজ শনিবার দুপুরের খাওয়ার পরপরই সবাই অজ্ঞান হয়ে পড়েন। তাঁদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তিরা হলেন সোহেল (১৮), চান মিয়া (৬০), আমজাদ আলী (৬২), জামাল উদ্দিন (৬০), শামসুল হুদা (৬১), শফিকুল ইসলাম (৪০), আবদুল মালেক (৫০), হামিদ আলী (৮০), খোরশেদ আলী (৬৫), সোহরাব আলী (৮৫), কাশেম আলী (৪৫), হরমুজ আলী (৮০), লোকমান আলী (৮০)। এদের সবার বাড়ি কুষ্টিয়ার বিভিন্ন এলাকায়।জানা গেছে, ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৪ সদস্য দুই দিন আগে চান শাহ মসজিদে আসেন। আজ দুপুরে ভাত খাওয়ার পরপরই একে একে সবাই অজ্ঞান হয়ে পড়েন। ১৪ জনের মধ্যে আংশিক সুস্থ রয়েছেন মো. হানিফ (৬০)। তিনি বলেন, দুপুরের রান্নার জন্য মাছ কাটার সময় অজ্ঞাত এক যুবক এসে বলেন, ‘আপনারা আমাদের মেহমান। আপনাদের সাহায্য করা আমাদের কর্তব্য।’ এরপর ওই যুবক মাছ কেটে ঘটনাস্থল ত্যাগ করেন। দুপুরের ভাত খাওয়ার পর সবাই অজ্ঞান হয়ে পড়েন। আমি মাছ না খাওয়ায় সুস্থ আছি। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে আসি।’খবর পেয়ে হাসপাতালে যান মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন মসজিদে অবস্থানরত তাবলিগ জামাতের সদস্যরা।স্বাস্থ্য কর্মকর্তা তবারক উল্লাহ বলেন, বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বয়োজ্যেষ্ঠ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।