মিরসরাইয়ে টিআর প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সরকারের টিআর (টেস্ট রিলিফ-নগদ টাকা) প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা ও স্থানীয় এক আওয়ামী লীগ নেতা এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের অনুকূলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে (টিআর) বিশেষ কর্মসূচির আওতায় মন্ত্রণালয় থেকে ৮৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ টাকায় উন্নয়নের জন্য ২২১টি প্রকল্প তালিকাভুক্ত করা হয়। অভিযোগ উঠেছে, এই টাকা থেকে কোনো ভ্যাট ও কর আদায়ের নিয়ম না থাকলেও ভ্যাট ও করের নামে শতকরা ছয় টাকা করে পাঁচ লাখ ২২ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। আবার সরকারি কর্মকর্তাদের জন্য পিসির (ঘুষ) নামে আত্মসাৎ করা হয়েছে শতকরা ২৪ টাকা করে মোট ২০ লাখ ৮৮ হাজার টাকা। এ ছাড়া কোনো প্রকল্পের পুরো টাকা, কোনো কোনো প্রকল্পের আট থেকে ১৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।অভিযোগ রয়েছে, এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ কুতুব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইসমাইল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জড়িত।খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প তালিকায় উপজেলার করেরহাট উদয়ন ক্লাব উন্নয়ন প্রকল্পে ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রথম আলোকে বলেন, তাঁদের দেওয়া হয়েছে মাত্র ৩৯ হাজার ৫০০ টাকা।জোরারগঞ্জ ইউনিয়নের ছুট্টি খাঁ মসজিদ সংস্কারের জন্য ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ নজরুল বলেন, মসজিদ কর্তৃপক্ষ কোনো টাকা পায়নি।তেতৈয়া দাখিল মাদ্রাসার মাঠে মাটি ফেলার জন্য ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান বলেন, তাঁদের দেওয়া হয়েছে ২০ হাজার টাকা।কাটাছড়া পানাউল্যা মসজিদ সংস্কারের জন্য ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে মসজিদ কমিটির একজন সদস্য বলেন, তাঁদের দেওয়া হয়েছে ৪৭ হাজার টাকা।পৌর সদরের তালবাড়িয়া শীতলা মন্দির সংস্কারের জন্য ৫৬ হাজার টাকা বরাদ্দ দিয়ে ৫২ হাজার টাকা দেওয়া হয়। তবে টাকাগুলো এখনো হাতে আসেনি বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি আশীষ কুমার চৌধুরী। সাতবাড়িয়া মন্দির সংস্কারের জন্য ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও মন্দির কমিটিকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। উপজেলা ভূমি অফিসের মাঠ ভরাটের জন্য ৫৬ হাজার টাকা বরাদ্দ দেখানো হয়। কিন্তু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম বলেন, তাঁর কার্যালয়ের মাঠে কোনো কাজ হয়নি। বরাদ্দের বিষয়ে তিনি কিছুই জানেন না।খিল হিংগুলী কালী মন্দির সংস্কারের জন্য ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মন্দির কমিটির সভাপতি নটবর দত্ত জানান, ২৮ হাজারের মধ্যে তাঁরা পেয়েছেন ১২ হাজার টাকা। খিল হিংগুলী প্রাথমিক বিদ্যালয়ের মেরামতের জন্য ৮৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম বলেন, ২০০৯ সালের পর তিনি কোনো সরকারি বরাদ্দ পাননি।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন বলেন, ‘এভাবে টাকা লুটপাট করার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি নিয়ে গত ২৫ আগস্ট উপজেলা সমন্বয় সভায় আলোচনা হয়। কিন্তু এর কোনো সুরাহা হয়নি।’তবে অভিযোগ অস্বীকার করে পিআইও মো. ইসমাইল হোসেন বলেন, প্রকল্পের তালিকা অনুযায়ী সব প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হয়েছে। টাকা বণ্টন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। প্রকল্প থেকে কেউ টাকা কেটে রেখে দিলে আমরা কী করব?’ নিয়মানুযায়ী প্রকল্পের টাকা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে বিতরণ করার কথা থাকলেও এখানে সেই নিয়ম অনুসরণ করা হয়নি বলে স্বীকার করেন তিনি।নিজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করে ইউএনও সাঈদ কুতুব প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত কেউ অভিযোগ করেননি যে, বরাদ্দ করা টাকা পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, তালিকাভুক্ত প্রকল্পগুলো থেকে কিছু টাকা কেটে নিয়ে অতিরিক্ত আরও কিছু প্রকল্পে দেওয়া হয়েছে। তাই তালিকাভুক্ত প্রকল্পগুলো কিছু টাকা কম পেয়েছে। কিন্তু কোথায় কোন প্রকল্পে বাকি টাকা দেওয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি।সাংসদ মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।