মিরসরাইয়ে ট্রাক উল্টে ডোবায়, ৪২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে একটি ট্রাক উল্টে ডোবায় পড়ে যায়। এ দুর্ঘটনায় নিহত ৪২ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা গেছে।পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী বলেন, ট্রাকটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নৌবাহিনীর ডুবুরি নামিয়েও আর কোনো লাশ পাওয়া যায়নি। এ কারণে সন্ধ্যা ছয়টায় উদ্ধার-তত্পরতা শেষ বলে ঘোষণা করা হয়েছে। ৪২ জন শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, রাত আটটায় আবু তোরাব স্কুলমাঠে নিহত ৪২ শিক্ষার্থীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীদের অধিকাংশই স্কুলছাত্র। মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীও রয়েছে। স্থানীয় মাতৃকা হাসপাতালে ১১ জন, মিরসরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের লাশ রয়েছে। বাকি লাশগুলো পরিবারের সদস্যরা নিয়ে গেছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে মিরসরাইয়ের আবু তোরাব-বড়তাকিয়া সড়কের মাঝামাঝি স্থানে একটি সেতুর কাছে একটি ট্রাক (চট্ট মেট্রো ড-১১-০৩৩৭) উল্টে যায়। ট্রাকটি রাস্তার পাশের ডোবায় পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ট্রাকে ৭০-৮০ জন শিক্ষার্থী ছিল। তারা মিরসরাই স্টেডিয়ামে স্থানীয় পর্যায়ে আয়োজিত আন্তস্কুল বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়িতে ফিরছিল। পথে তারা এ দুর্ঘটনার শিকার হয়।দুর্ঘটনায় নিহতদের উদ্দেশে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনাস্থলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন পৌঁছেছেন।