চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চারদলীয় জোটের জনসভা শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় মিরসরাইয়ে বিএনপির ২২ নেতা-কর্মী আহত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ডোমখালী ও করেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।মিরসরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বলেন, সোমবার রাতে চট্টগ্রামে জনসভা শেষে বাড়ি ফেরার পথে ডোমখালীর সমিতি বাজারে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের প্রচার সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী, বিএনপির নেতা তাজুল ইসলাম, জসীম উদ্দিন, মো. হারুন, তৈয়ব, নিজাম, সাদ্দামসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তাজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। নুরুল আমিন অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মী।স্থানীয় বিএনপি নেতারা বলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে একই দিন সন্ত্রাসীদের হামলায় বিএনপির সাতজন নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা একটি বাসও ভাঙচুর করে। এ হামলায় আহত হন করেরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন মিয়া, জসীম উদ্দিন, মামুন, আনোয়ার আবদুল খালেক, শহীদসহ সাতজন। তাঁদেরকে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা করেরহাটে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে স্বীকার করছেন। তবে তিনি বলেন, ‘হামলায় জড়িতদের চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে।’ জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।