চট্টগ্রামের মিরসরাই উপজেলার দমদমা অভয়শরণ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মকীর্তি মহাথেরোকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বোমার আঘাতে বিহারের ভিক্ষুসহ পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া সন্ত্রাসীরা বৌদ্ধ শিক্ষার্থীদের পড়াশোনার দুটি ঘরে ব্যাপক ভাঙচুর এবং একটি দোকানে লুটপাট করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা গ্রামের বৌদ্ধবিহারে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মকীর্তি মহাথেরো ও তাঁর অনুসারীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে অভয়শরণ বৌদ্ধবিহারে ফিরে দেখেন, প্রবেশফটকে কে বা কারা তালা লাগিয়ে দিয়েছে। এ সময় দমদমা গ্রামের সূক্ষ্মদর্শী বড়ুয়ার নেতৃত্বে ডিটু, জনি, তরুণ, আমান উল্যা, শিশির, সমীরণসহ ২৫-৩০ জন ধারালো অস্ত্র, রড ও লাঠিসোঁটা নিয়ে ধর্মকীর্তি মহাথেরোর ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীদের কয়েকজন বোমা ফাটায় এবং বিহারের পাশে বৌদ্ধ শিক্ষার্থীদের পড়াশোনা করার দুটি ঘরে হামলা চালায়। তারা শিক্ষার্থীদের টেবিল, আলমারি, বই রাখার তাক ও চৌকি ভাঙচুর করে।এ সময় ধর্মকীর্তিকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীদের ককটেলের আঘাতে কুশল ভিক্ষু, শিলানন্দ ভিক্ষু, নেলু বড়ুয়া, মিজান ও পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল মিয়া চান আহত হন। সন্ত্রাসীরা পরে বৌদ্ধবিহারের সামনে থাকা সুধীর বড়ুয়ার দোকানে লুটপাট চালায়।একপর্যায়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এলাকাবাসী ধর্মকীর্তিকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শত শত এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। দুপুর দেড়টার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম ও মিরসরাই থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এলাকাবাসীর দাবির মুখে বেলা সোয়া দুইটার দিকে পুলিশ সূক্ষ্মদর্শী বড়ুয়ার বাড়ি থেকে আমান উল্যা, জনি ও মলয় বড়ুয়াকে আটক করে। পুলিশের গাড়িতে তোলার সময় ক্ষুব্ধ এলাকাবাসী ওই তিনজনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তাঁদের রক্ষা করতে গেলে দুই পুলিশ সদস্য আহত হন।আহত ধর্মকীর্তি মহাথেরো গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, কয়েক বছর আগে বিহারে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা একটি মামলার বিচার চলছে। আসামিদের পক্ষের লোকজন গতকাল ছুরি, রড ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে তাঁকে হত্যার চেষ্টা করে।যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তোবারক উল্লাহ জানান, ধর্মকেতুর মহাথেরোর বাঁ হাত ভেঙে গেছে। হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর পিঠ ও পায়ের তালুতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।রাত আটটার দিকে দমদমা অভয়শরণ বৌদ্ধবিহার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ বড়ুয়া জানান, হামলার ঘটনায় তাঁরা বিহারে জরুরি বৈঠক করছেন। ঘটনার প্রতিবাদে আপাতত তাঁরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেবেন। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করা না হলে পরে কঠোর কর্মসূচি দেবেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহূত একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।