মিরসরাইয়ে শোকার্তদের সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। আজ শুক্রবার সকালে মিরসরাইয়ের আবুতোরাব উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক শোকসভায় তিনি এ সমবেদনা জানান। শোকসভায় শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সমবেদনা জানাতে ও পাশে দাঁড়াতে এসেছি। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। কারণ, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। আমি আমার পরিবারের ১৬ জন সদস্যকে একসঙ্গে হারিয়েছি। আমি ছোট ভাই শেখ রাসেলকে হারিয়েছি। তাই, শিশু হারানোর যন্ত্রণা আমি বুঝি।’মিরসরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই শোকসভায় তিনি আরও বলেন, গাড়ির চালকের লাইসেন্সের বিষয়টি দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ি চালানো সময় মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যাঁরা চালক তাঁরাই গাড়ি চালাবেন, হেলপাররা নয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ট্রাফিক আইন সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। শোকসভায় যোগ দিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাইয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। শোকসভায় বক্তৃতা দেওয়ার আগে শেখ হাসিনা সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯ জনের পরিবারকে এক লাখ টাকার চেক এবং আহত ২৮ জনের পরিবারকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।