বিস্ফোরণের ঘটনায় মামলা ও প্রতিবাদ সমাবেশ
মির্জা আজমকে সন্দেহ বিএনপির, পাল্টা অভিযোগ আজমের
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। বিএনপির সন্দেহ, এ হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজমের সংশ্লিষ্টতা রয়েছে। তবে মির্জা আজম সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে মঙ্গলবার রাতে বিস্ফোরণের ঘটনায় আটক ছাত্রদলের নেতা প্রদীপ সাহাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, গুলশানের কার্যালয়ের সামনে পটকার বিস্ফোরণ ঘটেছিল। এ বিস্ফোরণের ঘটনায় গতকাল বুধবার বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার প্রতি জেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মামলা: গত মঙ্গলবার গভীর রাতে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা সেলের উপ-সমন্বয়কারী মেজর (অব.) মো. হানিফ বাদী হয়ে গুলশান থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দেওয়া হয়েছে। ঘটনার সময় আটক ছাত্রদলের নেতা প্রদীপ সাহাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছিল। মামলার তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে মুখ খুলছে না। মঙ্গলবার রাতে বিস্ফোরণের পর মহানগর পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। উদ্ধারকৃত আলামত দেখে মনে হয়, সেখানে পটকার বিস্ফোরণ ঘটেছিল। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দলীয় নেতা-কর্মী ছাড়াও ঘটনাস্থলের কাছে পুলিশ উপস্থিত ছিল। লাল রঙের একটি পাজেরো জিপ থেকে কার্যালয় লক্ষ্য করে প্রথম ককটেল ছুড়ে মারা হয়। এর পেছনের একটি মোটরসাইকেল থেকে নেমে প্রদীপ অপর একটি ককটেল ছুড়লে বিএনপির দলীয় নেতা-কর্মী ও পুলিশ ধাওয়া করে তাকে হাতেনাতে ধরে ফেলে। জিপ ও মোটর-সাইকেল নিয়ে অন্য আরোহীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।বিএনপির সন্দেহ মির্জা আজমকে: গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের নেতা মির্জা আজমকে সন্দেহ করছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, মির্জা আজম ওই সময় বিএনপির গুলশান কার্যালয়ের সামনে দিয়ে তিনবার যাতায়াত করেছে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। মির্জা ফখরুল অভিযোগ করেন, এর আগে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দুটি বোমা পাওয়া যায়। সে সময় বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের নিরাপত্তা জোরদার করার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, একটি মহল খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করছে। মির্জা আজমের অস্বীকার: গতকাল বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা আজম পাল্টা অভিযোগ করে বলেছেন, বিএনপি নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তা অন্যের কাঁধে চাপানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহাকে বিএনপির কর্মীরাই হাতেনাতে আটক করেছে। সে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নির্বাচনী এলাকার।’ তিনি বলেন, ‘আমি বোমা বিস্ফোরণেরও আধা ঘণ্টা পর ওই রাস্তা দিয়ে ব্যক্তিগত কাজ শেষে গুলশান থেকে ফিরছিলাম। ওই এলাকায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয় আছে এবং সেখানে বোমা বিস্ফোরণ ঘটেছে জানলে, ওই রাস্তা দিয়ে যাতায়াত করতাম না।’বিএনপির প্রতিবাদ সমাবেশ: ঘটনার প্রতিবাদে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল প্রতিবাদ সমাবেশে করেছে বিএনপি। সমাবেশ শেষে একটি মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সমাবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে আজ বৃহস্পতিবার প্রতি জেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। সভাপতির বক্তব্যে বিএনপির সহসভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্বের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করবে।’ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন করার ফলেই আজ পার্বত্য চট্টগ্রাম জ্বলছে। স্থায়ী কমিটির সদস্য মইন খান বোমা বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।