মির্জা আব্বাস ও ফজলুল হকের মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত
বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে করা পৃথক দুটি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আজ রোববার স্থগিত করেছেন আপিল বিভাগ।মির্জা আব্বাসের বিরুদ্ধে ১৮টি বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলাটি করা হয়। অন্যদিকে ফজলুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। আজ প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানির পর আদালত এ আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী রফিকুল হক ও আহসানুল করিম এ মামলা পরিচালনা করেন। দুই মামলায়ই দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান।আজিজ খান সাংবাদিকদের জানান, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় মির্জা আব্বাস ও ফজলুল হকের বিরুদ্ধে মামলার কার্যক্রম আবার চলতে থাকবে।প্রসঙ্গত, ১৮ বাড়ি বরাদ্দে অনিয়মের অভিযোগে ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর মতিঝিল থানায় দুদক মামলা করে। এই মামলার বৈধতার প্রশ্নে মির্জা আব্বাস হাইকোর্টে আবেদন করলে ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর আদালত রুল জারি করেন এবং মামলার কার্যক্রম স্থগিত করেন।অন্যদিকে ২০০৮ সালের ১৩ এপ্রিল রমনা থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এই মামলার বৈধতার প্রশ্নে ফজলুল হক হাইকোর্টে আবেদন করলে ওই বছরের ১৫ সেপ্টেম্বর মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করেন আদালত।