মির্জা আব্বাস দম্পতিসহ ছয়জনের সাজার রায় বাতিল
পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ, সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতসহ ছয়জনের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আপিল মঞ্জুর করে এই রায় দেন।অন্য দুজন হলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল্লাহ খান, তাঁর স্ত্রী মাসুদা খান।আদালতে মির্জা আব্বাস ও শহীদুল্লাহ খান দম্পতির পক্ষে আইনজীবী আহসানুল করিম, খায়রুল আলম চৌধুরী মামলা পরিচালনা করেন। রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। শাজাহান সিরাজের পক্ষে ছিলেন আইনজীবী ওমর সাদাত ও সারওয়াত সিরাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও আব্দুর রহিম ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান।পরে আহসানুল করিম প্রথম আলোকে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আয়কর ফাঁকির অভিযোগে আব্বাস দম্পতির বিরুদ্ধে তিনটি মামলা হয়। এসব মামলায় আট বছর করে সাজার রায় হয়। ওই অভিযোগ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শহীদুল্লাহ খান দম্পতির বিরুদ্ধে চারটি মামলা হয়। এসব মামলায় তাঁদের আট ও ১৩ বছর করে সাজার রায় হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করেন। হাইকোর্ট আপিল মঞ্জুর করে সাজার রায় বাতিল ঘোষণা করেছেন। ফলে তাঁরা সাজার দায় থেকে অব্যাহতি পেলেন।রশিদুজ্জামান মিল্লাতের আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, আয়কর ফাঁকির অভিযোগে করা একটি মামলায় রশিদুজ্জামান মিল্লাতের ছয় বছরের সাজা হয়। এর বিরুদ্ধে তাঁর করা আপিল মঞ্জুর করে আদালত সাজার রায় বাতিল ঘোষণা করেছেন।সারওয়াত সিরাজ প্রথম আলোকে বলেন, আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডেল করা একটি মামলায় ১০ বছরের সাজার রায় হয়েছিল। এর বিরুদ্ধে শাজাহান সিরাজের করা আপিল মঞ্জুর করে হাইকোর্ট রায় দিয়েছেন। ফলে তিনি ওই দায় থেকে অব্যাহতি পেলেন।