মির্জা আব্বাসকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে
কারাবন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ শনিবার সকালে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালে পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে নিউমার্কেট ও মিরপুর থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে আলাদাভাবে দুটি মামলা করা হয়।নিউমার্কেট ও মিরপুর থানা পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মির্জা আব্বাসের আইনজীবী জাকারিয়া হায়দার বলেন, ২৭ জুন তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। প্রতিটি মামলায় মির্জা আব্বাস আদালত থেকে জামিন পেয়েছেন, তবে এ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হওয়ায় তিনি মুক্তি পাচ্ছেন না।মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, ২৬ জুন নিউমার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে রিমান্ডে আনা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।