মির্জা ফখরুল ও রিজভীর বিরুদ্ধে মামলা
গতকাল রোববার সারা দেশে অবরোধ চলাকালে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাত আটটা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানায় তাঁদের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) গাড়িচালক মো. আয়নাল। একই থানায় বিএনপির অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ ব্যাপারে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মাদ জুবায়ের প্রথম আলো ডটকমকে জানান, অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে প্রথম মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলা হয়েছে বিএনপির ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে। মামলার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল ঢাকায় অবরোধ পালনকালে সহিংসতার ঘটনায় বিএনপির অজ্ঞাত নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে।