মির্জা ফখরুল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাবিধি অনুযায়ী তাঁকে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা (ডিভিশন) ও চিকিৎসাসুবিধা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন আদালত। তবে পল্টন থানায় করা পৃথক মামলায় যুবদলের সদস্য শাকিল ইসলামসহ ৫৭ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা গত রোববারের রাজপথ অবরোধে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় ৩৭টি মামলা হয়। সব কটি মামলাতেই ফখরুল ইসলামকে আসামি দেখানো হয়েছে। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানায় করা দুটি মামলায় গতকাল তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে দুটি মামলার কোনোটাতেই রিমান্ড আবেদন মঞ্জুন হয়নি। পরে তাঁকে সন্ধ্যা ছয়টার দিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে গ্রেপ্তারের পর ফখরুল ইসলাম আলমগীরকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ডিবির একজন উপকমিশনারের কক্ষে তাঁকে রাখা হয়। পারিবারিক সূত্র জানায়, তাঁর সঙ্গে পরিবার বা দলের কাউকে দেখা করতে দেওয়া হয়নি।এ বছরের শুরুতে হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় কারাগারে যেতে হয়েছিল মির্জা ফখরুলকে। ওই মামলায় কিছু দিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পান তিনি। হাইকোর্টের নির্দেশে ওই মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। আদালতে মির্জা ফখরুল: অবরোধের সময় ঢাকা সিটি করপোরেশনের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগে রোববার রাতে পল্টন থানায় একটি মামলা করেন মো. আয়নাল নামে সিটি করপোরেশনের একজন গাড়িচালক। ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ এ মামলায় দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ মামলায় গতকাল বিকেল চারটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁকে হাজির করা হয়। বিকেল সোয়া চারটার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতে গোয়েন্দা পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে কয়েক শ আসামি ৯ ডিসেম্বর সকালে সিটি করপোরেশনের একটি গাড়ি ভাঙচুর করে। ফখরুল ইসলামের আইনজীবী রফিকুল ইসলাম মিয়া রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, ফখরুল ইসলাম একজন সম্মানিত ব্যক্তি। তিনি যেখানেই যান, গণমাধ্যমের কর্মীরা তাঁকে অনুসরণ করেন। অবরোধের দিন তিনি কোথাও ভাঙচুর করেছেন, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আর এমন একজন মানুষকে ময়লার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের আসামি করা সবার জন্যই লজ্জার। তিনি বলেন, রিমান্ডে নিতে হলে সুনির্দিষ্ট অভিযোগের তথ্য-উপাত্ত প্রয়োজন, যা পুলিশের প্রতিবেদনের কোথাও নেই। তাই রিমান্ডের আবেদন বাতিল করে তাঁকে জামিন দেওয়া হোক।প্রায় পৌনে এক ঘণ্টা রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি পাল্টা-যুক্তি তুলে ধরেন। এ সময় কয়েক দফায় তাঁদের মধ্যে হট্টগোলও হয়। তবে প্রবীণ আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।শুনানি শেষে বিচারক মোহাম্মদ আলী হোসাইন রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করেন। এর কিছুক্ষণ পরে শেরেবাংলা নগর থানায় করা গাড়ি ভাঙচুরের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এই মামলায়ও ফখরুলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।শুনানিতে পিপি আবু আবদুল্লাহ একইভাবে রিমান্ডের যুক্তি তুলে ধরেন এবং রফিকুল ইসলাম মিয়া বিরোধিতা করে জামিন চান। শুনানি শেষে মহানগর হাকিম তানভীর আহমেদ জামিন ও রিমান্ডের উভয় আবেদন নাকচ করে দেন। এর আগে আসামিপক্ষের আইনজীবীরা মির্জা ফখরুলের সঙ্গে আইনগত বিষয়ে আলোচনার জন্য প্রথমে ৩০ মিনিট এবং পরে ১৫ মিনিটের সময় চান। আদালত নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে অনুমতি দেননি।রাষ্ট্রপক্ষে শুনানিতে আরও অংশ নেন শাহ আলম তালুকদার, আলী হোসেন, এ এফ এম রিজাউর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ ওমর ফারুক, মাহফুজুর রহমান, মকবুল হোসেন, বিনয় কুমার প্রমুখ।আসামি পক্ষে ছিলেন জয়নাল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।৫৭ জন তিন দিন করে রিমান্ডে: পল্টন থানায় করা পৃথক মামলায় যুবদলের সদস্য শাকিল ইসলামসহ ৫৭ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানার পুলিশ তাঁদেরকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।৩৭ মামলায় আসামি: রোববারের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ঢাকায় ৩৭টি মামলা হয়। সব কটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, ৬ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে ফখরুল বলেছিলেন, ‘৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি। তাই দয়া করে কেউ গাড়ি বের করবেন না।’ ওই আদেশ অমান্য করে যারা গাড়ি বের করেছে তাদের ওপরই আক্রমণ করা হয়েছে। আর এ কারণেই অনেকগুলো মামলার অভিযোগে মির্জা ফখরুলের নাম এসেছে। মামলাগুলোর মধ্যে যাত্রাবাড়ী ও মিরপুর থানায় চারটি করে; রমনা, সবুজবাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি করে; মতিঝিল, পল্টন, বংশাল, সূত্রাপুর, দারুসসালাম ও বনানী থানায় দুটি করে মামলা। এ ছাড়া উত্তরা, কলাবাগান, মুগদা, শাহজাহানপুর, ডেমরা, শ্যামপুর, কদমতলী ও শেরেবাংলা নগর থানায় একটি করে মামলায় মির্জা ফখরুল আসামি। এসব মামলার মধ্যে পাঁচটি দ্রুত বিচার আইনে করা। ১৯টি মামলা পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা হয়।আদালতপাড়ায় উত্তেজনা: মির্জা ফখরুলকে বিকেলে আদালতে হাজির করা হলেও দুপুর থেকে মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি মিছিল করেন। আওয়ামী লীগপন্থী আইনজীবীরা হরতালের বিরোধিতা করে স্লোগান দেন। আর তাঁদের পাশেই খালেদা জিয়ার সমর্থনে স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় আদালতের চারপাশের ফটকে পুলিশ ও র্যা বের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা ছিল। মির্জা ফখরুল ইসলামকে আদালতে হাজির করা হলে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দিতে শুরু করেন। জামিন আবেদন নাকচের প্রতিবাদেও তাঁরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ দেখান।