মির্জা ফখরুল গ্রেপ্তার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।ঢাকা সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ি ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাত্রদলের নেতা মো. কামাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, দলীয় কার্যালয় থেকে পুলিশ মির্জা ফখরুলকে ধরে নিয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, গাড়ি ভাঙচুরের মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গতকাল রোববার সকাল সাতটার দিকে ঢাকা সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ি চালাচ্ছিলেন মো. আয়নাল। পথে কাকরাইল এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদের নেতৃত্বে ২০০-২৫০ জন নেতা-কর্মী মিছিল ও লাঠিসোঁটা নিয়ে গাড়িতে হামলা ও ভাঙচুর চালান এবং চালককে মারধর করেন। এ ঘটনায় চালক বাদী হয়ে মির্জা ফখরুল, রুহুল কবিরসহ ২০০-২৫০ জন নেতা-কর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা করেন।