মির্জা ফখরুল হুকুমের আসামি
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সচিবালয়ে বোমা হামলা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব মামলার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত না হলে তারা অব্যাহতি পাবেন।হরতাল চলাকালে গতকাল রোববার বিকেলে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় এবং তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় আরেকটি মামলা হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, আমানুল্লাহ আমান, আবদুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কর্নেল অলি আহমদসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হিরেন্দ্রনাথ প্রামাণিক মামলাটি দায়ের করেন।তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে হেলকন টাওয়ারের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদসহ ৪৪ জনকে আসামি করা হয়েছে।