মির্জা ফখরুলকে বারডেমে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুচিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারডেম হাসপাতালে পাঠানোর ব্যাপারে নিম্ন আদালতের দেওয়া আদেশ বাস্তবায়ন করতে কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুল ইসলামের পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, মুখ্য মহানগর হাকিমের আদালত ৭ এপ্রিল মির্জা ফখরুল ইসলামকে বারডেম হাসপাতালে পাঠানোর আদেশ দেন। এ আদেশ বাস্তবায়নের নির্দেশনা চেয়ে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ১৫ এপ্রিল হাইকোর্টে আবেদনটি করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়। বিশ্বজিত্ রায় আজ প্রথম আলো ডটকমকে বলেন, ৭ এপ্রিল সিএমএম আদালতের দেওয়া আদেশ বাস্তবায়ন করতে আইজি প্রিজন, ডিআইজি প্রিজন ও ঢাকা জেলা প্রশাসকের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।